উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নদিয়ায় সপুত্র কংগ্রেস নেতাকে খুন (Congress chief killed)। শনিবার রাতে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুন করে একদল সশস্ত্র দুষ্কৃতী।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বেথুয়াডহরি রেলগেটের কাছে চারচাকা গাড়িতে বাড়ি ফেরার পথে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়, তারপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় দু’জনকে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে বাবা ও ছেলের মৃত্যু হয়। এই জোড়া খুনের ঘটনায় নাকাশিপাড়া থানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “স্বাধীনতা দিবসের আবহে ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান দেওয়া সরকারের অধীনে এমন জঘন্য ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীন রাজনীতির অধিকারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।” তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিরোধীদের কণ্ঠরোধের এই অপচেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন। নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশে এলাকা দখল করতেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় কংগ্রেস নেতা টিপু সুলতান অভিযোগ করেছেন, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে। যদিও কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) সুরজিৎ কুমার দে জানিয়েছেন, ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অতি দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে।

