মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম (Nabagram) লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের (Arms Racket) পর্দাফাঁস করল মুর্শিদাবাদ পুলিশ। হস্তান্তরের আগেই বিহার থেকে আনা বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ সহ হাতেনাতে ধরা পড়ল দলের মূল পাণ্ডা সহ ৩ জন।
ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত মহম্মদ সাব্বির আলি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। তার দুই স্থানীয় সহযোগী ইব্রাহিম মণ্ডল ও সাইদুল মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩টি ৭.৬৫ মিমি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
এই অস্ত্র সম্ভার নির্দিষ্ট খরিদ্দারের হাতে পৌঁছে দেওয়াই ছিল এদের মূল উদ্দেশ্য। পুলিশ জানিয়েছে, ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৯ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

