উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অবিরাম বৃষ্টির জেরে বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী থাকল মুম্বই। বুধবার ভোরে শহরের নিকটবর্তী ঘাটকোপার এলাকার একটি পাহাড়ি অংশে ধস নামে। দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের নাম সাহিল আনসারি (২৮) এবং মহম্মদ সমীর (১৪)। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন আরও অন্তত ছয়জন। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৩টা বেজে ৪৫ মিনিট নাগাদ ঘাটকোপারের অশোক রোড সংলগ্ন উঁচু পাহাড়ি এলাকায় ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। ভোরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় বাসিন্দারা ঘর ছেড়ে বের হওয়ার কোনও সুযোগই পাননি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। এরপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পাশাপাশি আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা প্রসঙ্গে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) গণেশ শিন্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চার থেকে পাঁচ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অন্য আধিকারিকদের অনুমান, ছয় থেকে আট জন আটকে রয়েছেন।

