নভি মুম্বই: বিশ্বকাপের শুরুতে পাঁচ নম্বরে ব্যাট করছিলেন জেমিমা রডরিগেজ। পর্যাপ্ত বল খেলার সুযোগ না পাওয়ায় বড় রান আসছিল না তাঁর ব্যাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৩ নম্বরে সুযোগ মিলতেই বিস্ফোরক অর্ধশতরান করে দেন জেমিমা। বৃহস্পতিবার তিন নম্বরে নেমে খেললেন ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস। যা ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছে। আর তারপর থেকেই কেঁদে গেলেন তিনি। আমনজ্যোৎ কাউরের শট বাউন্ডারি পেরোনোর পর বাইশ গজেই হাঁটু গেড়ে বসে দুই হাতে মুখ ঢেকে ফেলেন জেমিমা। ডাগ আউট থেকে দৌড়ে এসে তাঁকে ঘিরে ধরেন বাকি সতীর্থরাও। তখন চোখ শুকনো নেই বাকিদেরও।
পরে ম্যাচের পুরস্কার হাতে নিয়ে জেমিমা বললেন, ‘যিশুকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে চাই আমার মা-বাবা ও কোচকে – যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’ হাত জোড় দর্শকদের কাছেও সমর্থনের জন্য জেমিমা কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে শুনিয়েছেন, ‘সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। তবে স্বপ্নটা এখনও শেষ হয়নি। শেষ চারটা মাস খুব কঠিন গিয়েছে।’
আবেগ সংবরণ করতে পারেননি তাঁর অধিনায়ক হরমনপ্রীত কাউরও। ফাইনাল নিশ্চিত হতেই উত্তেজনায় কোচ অমল মুজুমদারকে তিনি জড়িয়ে ধরেন। এরপর বিজয়ী অধিনায়ক হিসেবে বক্তব্য রাখতে এসে হরমনপ্রীত বলে বসেন, প্রচণ্ড গর্ব অনুভব করছি। কিন্তু কীভাবে সেটা বোঝাব কথা খুঁজে পাচ্ছি না। এবার আমরা ফিনিশিং লাইনটা টপকাতে পেরেছি। আমরা শেষ কয়েক বছর এটা নিয়ে কাজ করেছি। প্রত্যেককে আমরা বলছিলাম, আমরা পারব, কারণ আমরা পরিশ্রম করেছি।’
তবে, এদিন কত নম্বরে তাঁকে ব্যাটিং করতে হবে সেটা নাকি জেমিমার জানা ছিল না। বলেছেন, ‘জানতাম না আজও আমাকে তিন নম্বরে ব্যাটিং করতে আসতে হবে। আমি স্নান করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। ব্যাট করতে নামার ৫ মিনিট আগেই জানতে পারি। তখন থেকেই নিজের জন্য নয়, চেয়েছিলাম দেশের জন্য ম্যাচটা জিততে। কারণ আজ আমার পঞ্চাশ বা শতরান নয়, গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়। চেয়েছিলাম, সেই লক্ষ্যে দেশকে পৌঁছে দিতে। যদিও আমাদের দলে বরাবর এই বিশ্বাস আছে, যে কোনও পরিস্থিতি থেকে যে কেউ দলকে জয় এনে দিতে পারে।’
একইসঙ্গে ইংল্যান্ড ম্যাচের ভুলও দল হিসেবে আজ যে তাঁরা শুধরে নিয়েছেন সেই কথাও তুলে ধরেছেন হরমনপ্রীত। বলেছেন, ‘চেয়েছিলাম সবকিছু যেন আজ ঠিকঠাক হয়। ওইদিন (ইংল্যান্ড ম্যাচে) পরিকল্পনা বাস্তবায়িত করতে কিছু ভুল হয়েছিল। পরে আমরা দেখেছি ঝুঁকি নেওয়ার কাজটা শুরু করতে আমাদের ৩-৪ ওভার দেরি হয়েছিল। আজ কিন্তু সেই ভুলটা আমরা করিনি।’
