Mumbai | পরিবেশবান্ধব দিওয়ালি উদযাপনের বার্তা ঘিরে বিতর্ক: অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও সরাল বৃহন্মুম্বই পুরসভা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মুম্বইবাসীর জন্য পরিবেশবান্ধব দিওয়ালি উদযাপনের বার্তা দিয়ে তৈরি একটি সচেতনতামূলক ভিডিও ঘিরেই ঘনীভূত হল রাজনৈতিক বিতর্ক। বম্বে হাইকোর্টের নির্দেশ মেনে এবং ক্রমবর্ধমান বায়ুদূষণের জেরে বিএমসি (BMC)-র তরফে সেলিব্রিটিদের নিয়ে এই প্রচার অভিযান শুরু হয়েছিল। তবে বিজেপি নেতাদের আপত্তির মুখে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে বাধ্য হয় বৃহন্মুম্বই পুরসভা। আর এর পরেই সোচ্চার হয়েছেন মুম্বইয়ের (Mumbai) মেয়র রিতু তাওডে। অভিনেত্রী দিয়া মির্জাকে সরাসরি আক্রমণ করে তিনি তাঁকে ‘হিন্দু-বিরোধী’ বলে তোপ দেগেছেন।

মুম্বইতে বাড়তে থাকা দূষণ নিয়ন্ত্রণে উৎসবের মরসুমে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে একটি ভিডিও শুট করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। বিএমসি-র কমিশনের মাধ্যমেই এই ভিডিওটি তৈরি ও পোস্ট করা হয়েছিল। কিন্তু বিজেপি মুম্বইয়ের প্রধান অমিত সাতাম এই ভিডিওটির তীব্র বিরোধিতা করে বলেন, দিয়া মির্জার কাছ থেকে দিওয়ালি উদযাপনের পাঠ নেওয়ার কোনও প্রয়োজন নেই। এই আপত্তির জেরে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরসভার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দিয়ার ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়।

যদিও এই প্রচারে অংশ নেওয়া অন্য সেলিব্রিটি যেমন— মাধুরী দীক্ষিত, ক্রিকেটার অজিঙ্কা রাহানে এবং মারাঠি অভিনেত্রী নিশাগন্ধা ওয়াডের ভিডিও এখনও পুরসভার পেজে বহাল রয়েছে।

পুরসভার এই পদক্ষেপের পর মেয়র রিতু তাওডে সাফ জানিয়ে দেন যে, এই সিদ্ধান্তের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, বরং এটি দিয়ার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের কারণে হয়েছে।

সাংবাদিক বৈঠকে রিতু তাওডে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দিয়া মির্জা সবসময় নির্বাচনী বা সিলেক্টিভ প্রোপাগান্ডা চালান। তিনি ব্যক্তিগত হ্যান্ডেলে যা খুশি পোস্ট করতে পারেন, কিন্তু বিএমসি হ্যান্ডেলে তা বরদাস্ত করা হবে না। মহাযুতি সরকারে আমরা নিশ্চিত করব যাতে তাঁকে ব্ল্যাকলিস্ট করা হয়।”

পাশাপাশি, ভিডিওটি পোস্ট হওয়া এবং পরে তা সরিয়ে নেওয়া প্রসঙ্গে মেয়র একে ‘প্রশাসনের ভুল যোগাযোগ’ (Miscommunication) বলে অভিহিত করেন। তিনি জানান, বিএমসি কমিশনারের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয় এবং কোনো প্রস্তাব পেশ করার আগে পুরসভার জনসংযোগ বিভাগ যেন তাঁদের সাথে আলোচনা করে।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, দিয়া মির্জা মুসলিম সম্প্রদায়ের হলেও এই পুরো বিষয়টি কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *