রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার (এমএসভিপি) (MSVP appointment) পদের জন্য আবেদনপত্র চেয়েছে স্বাস্থ্য ভবন। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ ইন্দ্রজিৎ সাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের পোর্টালে প্রকাশ করা হয়েছে। রাজ্যের মোট ২৬টি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং কলকাতার সাতটি মেডিকেল কলেজের ডিরেক্টরকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষস্থানীয় আধিকারিকের কথায়, ‘রাজ্যের বেশিরভাগ মেডিকেল কলেজ ও হাসপাতালেই উপযুক্ত সুপার নেই, যা ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) (NMC) নিয়মবহির্ভূত। সে জন্য নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে উপযুক্ত অধ্যাপক চিকিৎসককে সুপার পদের জন্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।’
এনএমসির নিয়ম অনুযায়ী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার পদের জন্য ১০ বছরের অধ্যাপনা এবং ন্যূনতম পাঁচ বছর প্রফেসর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু রাজ্যের সিংহভাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের সেই অভিজ্ঞতা নেই। কোথাও অ্যাসোসিয়েট প্রফেসর, কোথাও আবার সদ্য প্রফেসর হওয়া চিকিৎসককে সুপার পদে বসিয়ে দেওয়া হয়েছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা এনএমসির নিয়মবহির্ভূত। চিকিৎসক মহলের দাবি, তৃণমূল সরকারের আমলে ‘উত্তরবঙ্গ লবি’ নিজের কাছের লোকজনকে বিভিন্ন পদ পাইয়ে দিয়েছে। সে ক্ষেত্রে যোগ্যতাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পরে সমস্ত কিছু এনএমসির নিয়ম মেনে করতে চাইছে স্বাস্থ্য দপ্তর।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কলকাতার চার-পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়া রাজ্যের সিংহভাগ মেডিকেলেই সুপার পদে নিয়োগ এনএমসির নিয়ম মেনে হয়নি। কোথাও পছন্দের লোকজনকে, কোথাও আবার উপযুক্ত কাউকে না পেয়ে অন্য কাউকে বসানো হয়েছে, যা এনএমসির নিয়মবহির্ভূত। এভাবে চললে এনএমসির জরিমানার মুখে পড়তে হতে পারে। সেই জন্য সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালেই উপযুক্ত চিকিৎসককে পদে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে বিভিন্ন মেডিকেলের সুপার পদে থাকা চিকিৎসকরাও আবেদন করতে পারবেন। তবে তিনি যে এই পদে আবেদনের যোগ্য, সেটা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে দিয়ে লিখিয়ে নিতে হবে। এই পদের জন্য চিকিৎসকরা ১৬ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। তার পরেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখে ইন্টারভিউয়ের জন্য দিন নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

