উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চলন্ত ট্রেনের কামরায় বিধ্বংসী আগুন (Rajdhani Categorical Fireplace)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলায় (Madhya Pradesh)। রবিবার ভোরে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (Thiruvananthapuram-Hazrat Nizamuddin Rajdhani Categorical) বি-১ কোচে আচমকা আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে রেলকর্মীদের তৎপরতায় কোচে থাকা ৬৮ জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, কোটা রেলওয়ে ডিভিশনের অন্তর্গত লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চলন্ত ট্রেনের কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখে প্রথম সতর্ক করেন ট্রেনের গার্ড। তিনি দ্রুত লোকো পাইলটকে খবর দিলে ট্রেনটি থামানো হয়।
বিপদ বুঝে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ওভারহেড ইলেকট্রিক (OHE) লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং ট্রেনের কর্মীদের সহায়তায় মাত্র ১৫ মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত কামরা থেকে সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন। আগুন যাতে অন্যান্য কামরায় ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বি-১ কোচটিকে ট্রেন থেকে আলাদাও করে দেওয়া হয়।
খবর পেয়ে কোটা ডিভিশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনার জেরে দিল্লি-মুম্বই রুটে ট্রেন (Delhi-Mumbai rail route) চলাচল প্রায় দু-ঘণ্টা ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক উদ্ধারকাজ ও সুরক্ষাবিধি খতিয়ে দেখার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে রেল বোর্ড ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে।
