উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (MP Encounter) দেওয়াস জেলায় এক পুলিশ অফিসারের মৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। মঙ্গলবার গভীর রাতে পৃথক দুটি এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে প্রধান অভিযুক্ত সহ দুজন। গুজরাটে (Gujarat) বেআইনি মদের চালান পাঠানোর চেষ্টা ভেস্তে দিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ইন্দোর-বেতুল মহাসড়কে কর্তব্যরত এসএইচও দিলীপ পুরী। সেই ঘটনায় অভিযুক্ত ড্রাইভার গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত (২৮) এবং তার সঙ্গী ধীরজকে হেপাজতে নেওয়ার পর হেপাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ (Police)।
পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভোরের দিকে প্রায় ১,৮০০ লিটারেরও বেশি বেআইনি মদবাহী একটি ট্রাক গুজরাটের দিকে পাচারের খবর পেয়ে সহকর্মীদের নিয়ে অভিযানে বের হন এসএইচও দিলীপ পুরী। ইন্দোর-বেতুল মহাসড়কে তিনি গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নেন। সেই সময় বেপরোয়া চালক পুলিশের কাছ থেকে সটান রেহাই পেতে ট্রাকটি সরাসরি ডিভাইডারের ওপর তুলে দেয়। সেই সময় গাড়ির পেছনের চাকার তলায় পিষে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তার।
ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাক চালক আক্কু। পরবর্তীতে তাকে আলিরাযপুর জেলা থেকে চিহ্নিত করে আটক করা হয়। দেওয়াস জেলার পুলিশ সুপার আদিত্য মিশ্র জানিয়েছেন, দেওয়াসে ফিরিয়ে আনার সময় বারোঠা থানা এলাকায় পৌঁছে অভিযুক্ত যুবক পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর মরিয়া চেষ্টা করে। শুধু তা-ই নয়, রিভলভারটি দিয়ে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার তাগিদে পালটা গুলি চালায় পুলিশ। গুলিতে তার এক পায়ে আঘাত লাগে। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় দেওয়াস জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার স্বার্থে স্থানান্তরিত করা হয় ইন্দোরের এক হাসপাতালে।
অন্যদিকে দেওয়াসের সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) সুমিত আগরওয়াল জানান, ঘটনার সময় ট্রাকে উপস্থিত দ্বিতীয় অভিযুক্ত ধীরজকেও জালে তোলে পুলিশ। কিন্তু ব্যাঙ্ক নোট প্রেস থানা সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়ার পর সে-ও একইভাবে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। তাকে সতর্ক করা সত্ত্বেও ক্রমাগত গুলি চালাতে থাকলে আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। ধীরজের পায়ে গুলি লাগে এবং সেও গুরুতর জখম হয়ে বর্তমানে দেওয়াস জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

