উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সর্দির কারণে নাক বন্ধ থাকলে আমরা মুখ দিয়েই শ্বাস নিই (Mouth Respiratory)। কিন্তু এরম অনেকে রয়েছেন, যাদের নাক বন্ধ না থাকলেও বেশিরভাগ সময় মুখ দিয়েই শ্বাস নেন। অনেক ক্ষেত্রেই অজান্তে হয়ে যায় এটি। কিন্তু অভ্যাসের জেরে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।
ঘুমের সমস্যা
মুখ দিয়ে শ্বাস নিলে ঘুমের মান খারাপ হতে পারে। এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঘুম ভালো না হওয়ায় সারাদিনের ক্লান্তিবোধের কারণও হতে পারে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস।
দাঁত ও মাড়ির সমস্যা
মুখ দিয়ে শ্বাস নিলে দেখা দিতে পারে দাঁত এবং মাড়ির সমস্যা। মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে লালা দ্রুত শুকিয়ে যায়। আর লালা মুখের ভিতরের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুখের ভিতরের অংশকে জীবাণুমুক্ত রাখতে এবং মুখের মধ্যে তৈরি হওয়া নানা ধরনের অ্যাসিড থেকে যে ধরনের ক্ষতি হয়, তাও হতে দেয় না। ফলে লালা শুকিয়ে গেলে দাঁতের ক্ষয় এবং মাড়ির নানা রোগের ঝুঁকি বেড়ে যায়।
অ্যাজমা
নাক শ্বাস-প্রশ্বাস নেওয়া বাতাসকে পরিশ্রুত করে, আর্দ্রতা বজায় রাখে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে বাইরের বাতাস পরিশোধনের কোনও সুযোগ থাকে না। ফলে ফুসফুসে পৌঁছায় অপরিশোধিত বাতাস। যা থেকে অ্যাজমার ঝুঁকি বাড়তে পারে।
মুখের গঠন পরিবর্তন
শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে মুখ দিয়ে শ্বাস নিলে মুখের পেশি ও হাড়ের বিকাশে প্রভাব পড়ে। মুখ লম্বাটে ও সরু হয়ে যেতে পারে। দাঁতের বিন্যাসেও এর প্রভাব পড়তে পারে। অনেকক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সমস্যা থাকলে উপরের সারির দাঁত উঁচু হয়ে যেতে পারে।
