উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করতেই জল্পনা আরও তীব্র রূপ নেয়। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনায় ইতি টেনে ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে নিজের বৈবাহিক বিচ্ছেদের খবর অফিশিয়ালি ঘোষণা করলেন ‘নাগিন’ খ্যাত বাঙালি অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy-Suraj Nambiar Separation)। ইনস্টাগ্রামে সুরজের সঙ্গে একটি যৌথ পোস্ট শেয়ার করে ভক্ত ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করা এক বিবৃতিতে মৌনী (Mouni Roy) লেখেন, “বেশ কিছু সংবাদমাধ্যমের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনবদ্য ও অনধিকার চর্চা করা হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা জানাতে চাই যে আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন এই কঠিন সময়টা আমরা নিজেদের মতো করে সামলে নেওয়ার চেষ্টা করছি।” তবে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে না পারলেও সুরজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব যে সারাজীবন অটুট থাকবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মৌনী।

পোস্টের ক্যাপশনে মৌনী অনুরোধ জানিয়েছেন, “বিনীতভাবে সবার কাছে অনুরোধ করছি, এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখুন। সুরজ বা আমার সম্পর্কে কোনো ভুয়ো খবর ছড়াবেন না। সমস্ত মিডিয়া হাউসের কাছে অনুরোধ, দয়া করে এই জল্পনা বন্ধ করুন।” এর আগের দিনও মৌনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পেস ও প্রাইভেসি চেয়ে বার্তা দিয়েছিলেন।
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় সুরজ নাম্বিয়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মৌনী রায়। বাঙালি ও মালয়ালি— দুই রীতিনীতি মেনে ধুমধাম করে হয়েছিল সেই বিয়ে। বিয়ের পর থেকে নিয়মিত জুটির রোম্যান্টিক ছবি নেটপাড়ায় ঝড় তুলত। কিন্তু মাত্র চার বছরের মাথায় এসে সেই রূপকথার রূপোলি সম্পর্কে কেন এমন ফাটল ধরল, তা নিয়ে ধন্দ রয়েই গেল।
টেলিভিশনের দুনিয়ায় ‘মহাদেব’ বা ‘নাগিন’ ধারাবাহিক দিয়ে বিপুল জনপ্রিয় হওয়া মৌনী পরবর্তীতে অক্ষয় কুমারের ‘গোল্ড’ এবং রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করেন। কেরিয়ারের এই সাফল্যের মাঝেই তাঁর ব্যক্তিগত জীবনের এই আকস্মিক বিপর্যয় মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
