নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বড় ব্যবধানে জয়। তারপরও অস্বস্তির কাঁটা থেকেই গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরে। ইরানে খেলতে না যাওয়া নিয়ে সদস্য সমর্থকদের ক্ষোভ চরমে। এমনকি গোকুলামের বিরুদ্ধে প্রিয় দলকে পাঁচ গোল দিতে দেখে তারা কোনও উচ্ছ্বাস প্রকাশ তো করেননি, উলটে পুরো ম্যাচ জুড়ে ‘গো ব্যাক’ ধ্বনি দিয়ে গিয়েছেন। ফলে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে চাপ একটুও কমেনি সবজ-মেরুন শিবিরে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট আগেই ফুটবলারদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। ম্যাচের পরেও দেখা গিয়েছে একই দৃশ্য। কোচ-ফুটবলাররা এড়িয়ে গেলেন সাংবাদিকদের।
৫-১ গোলে জিতলেও দলের ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েই গিয়েছে। রবসন রোবিনহো নজর কাড়লেও এখনও পুরো ফিট হননি। তবে প্রথম ম্যাচে তার পারফরমেন্স আশার আলো জাগিয়েছে সবুজ-মেরুন শিবিরে। অধিনায়ক শুভাশিস গত মরশুমের ছায়া মাত্র। আশিস রাইকে নিয়ে মরশুমের প্রথম থেকেই বড় প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। তবে সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা মেহতাব সিং বেশ ভালোই খেললেন।
আপাতত গোকুলাম কেরালা এফসি ম্যাচ ভুলে ইউনাইটেড স্পোর্টস ম্যাচের দিকেই মনঃসংযোগ করছেন হোসে ফ্রান্সিসকো মোলিনা। খাতায়-কলমে ‘বেগুনি ব্রিগেড’-এর থেকে অনেক এগিয়ে থাকলেও ম্যাচটা মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাগান কোচ। তাই শুক্রবার বৃষ্টির মধ্যেও ফুটবলারদের অনুশীলন করালেন তিনি। এদিন গোকুলাম ম্যাচে খেলা ফুটবলাররা অবশ্য বেশিক্ষণ অনুশীলন করেননি। শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ মোলিনা। মাঠের পারফরমেন্স ভালো হলেও বাইরের চাপে রাখছে সবুজ-মেরুন শিবিরকে।
