নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বন্যায় বিপন্ন উত্তরবঙ্গের পাশে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ।প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বহু মানুষ ঘরছাড়া। টান পড়ছে রুটিরুজিতেও। ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এগিয়ে এসেছে বহু বেসরকারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই আইএফএ-ও। শিল্ডকে সামনে রেখে বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার।
১৮ অক্টোবর ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনাল। ওই ম্যাচের টিকিট বিক্রি থেকে উপার্জিত অর্থের একটা বড় অংশ উত্তরবঙ্গের বন্যা ত্রাণে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বড় অঘটন না ঘটলে শিল্ড ফাইনালে খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রশাসনের অনুমতি পেলে স্টেডিয়াম চত্বরে বেশ কয়েকটি কাউন্টার তৈরি করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। যার মাধ্যমে ম্যাচ দেখতে আসা দর্শকরাও ত্রাণসামগ্রী উত্তরবঙ্গের বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইএফএ শিল্ডে গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরুর সময় রাখা হয়েছে দুপুর ৩টা। তবে দিন ছোট হয়ে আসায় ম্যাচের শেষ দিকে আলো কমে যাচ্ছে। যে কারণে শনিবার থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ মিনিটে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। একইসঙ্গে শনিবারের নামধারী এফসি বনাম শ্রীনিধি ডেকান এফসি-র ম্যাচ কল্যাণী থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হয়েছে।
