টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি। শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় বার্তায় লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন তারকা পেসার। সাম্প্রতিক সময়ে, তাঁকে টেস্ট দলে ফেরানোর দাবি উঠলেও বারবার বঞ্চিত থেকে গিয়েছেন। অবশেষে টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শামি। ঘটনাচক্রে ১৩ বছর আগে ৬ নভেম্বর ভারতের টেস্ট দলে তাঁর অভিষেক হয়। একই দিনে অবসরও নিলেন তিনি।
২০১৩ সালের ৬ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় শামির। টুপি নম্বর ছিল ২৭৯। তারপর ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত ভারতের জার্সিতে টেস্ট খেলেছেন। ৬৪ ম্যাচে ২২৯ উইকেট আছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে জায়গা হচ্ছিল না। ফিটনেসের যুক্তিতে বঞ্চিত থেকে গিয়েছেন। অথচ রনজিতে নিয়মিত উইকেট তুলেছেন। তা সত্ত্বেও জায়গা হয়নি। ফলে অনুমান, ‘বঞ্চনা’ থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় ৩৬ বছর বয়সি বাংলার পেসার বলেন, “আজ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলেছি। সবার আগে আল্লাকে ধন্যবাদ দেব। তিনি আমাকে ভাবনার থেকেও বেশি দিয়েছেন। মা-বাবা, পরিবার, সতীর্থদের কাছেও কৃতজ্ঞ। প্রচুর পরিশ্রম করেছি, অনেক উত্থানপতন দেখেছি। কিন্তু কখনও হার মানিনি। ভারতীয় দলের জার্সির জন্য ফের উঠে দাঁড়িয়েছি। তাই ৬ নভেম্বর আমার কাছে ২৭৯ নম্বর টুপি ও লাল বল আছে। আজ আমার অভিষেকের ১৩ বছর হল। ধন্যবাদ জানাতে চাই সমর্থকদেরও। তাঁদের জন্যই আমার নাম হয়েছে। এই ১৩ বছরের সফরকে আজ শেষ করা যাক। সবাই ভালো থাকবেন। বিসিসিআই ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।”
তবে শামি জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে খেলবেন। অর্থাৎ বাংলার জার্সিতে সাদা বলের টুর্নামেন্টে ও আইপিএলে তাঁকে দেখা যাবে। কিন্তু বাংলার হয়ে আর রনজি খেলবেন কি না নিশ্চিত নয়। এরপর রনজিতে বাংলার ম্যাচ পরের বছরের ফেব্রুয়ারিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
