উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মক ড্রিলের (Mock Drill) ঘোষণা করল কেন্দ্র। তবে দেশজুড়ে নয়, ভারত-পাক সীমান্তবর্তী রাজ্যগুলিতে (Border states) হতে চলেছে এই মক ড্রিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাট, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের (India-Pakistan battle) মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। এই পরিস্থিতিতে গত ৭ মে দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু তার আগেই ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। কিন্তু তারপর থেকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করে পাক সেনা। যদিও তা প্রতিহত করেছিল ভারত। সেই ঘটনার প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও ফের মক ড্রিলের নির্দেশিকা জারি করল কেন্দ্র।
মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে বা আচমকাই শত্রুরা আক্রমণ করলে সাধারণ নাগরিকদের কী করণীয়, তা নিয়েই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মক ড্রিলে। ব্ল্যাকআউট হয়ে যাওয়া বা সাইরেন বাজানোর মতো পরিস্থিতি তৈরি করে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলে জম্মু ও কাশ্মীর সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি চললেও বিশেষত সীমান্তবর্তী রাজ্যগুলিতে কড়া নজর রয়েছে ভারতের। আর তাই নাগরিকদের যে কোনও পরিস্থিতি জন্য প্রস্তুত করতে ফের সীমান্তবর্তী পাঁচ রাজ্যে মক ড্রিলের ঘোষণা করা হয়েছে।
