উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দু’দিন আগে তাঁকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়। চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছালে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রিয় অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সকাল থেকেই হাসপাতাল চত্বরে শুভানুধ্যায়ী ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটা মাইনর অপারেশন হয়েছে। এখন উনি সুস্থ আছেন। আজ বিকেলেই নিউটাউনের যেখানে থাকেন সেখানে ফিরবেন। আমি জানতাম, উনি বেশি কাউকে বলেননি।’
যদিও কী কারণে এই অস্ত্রোপচার করতে হল, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পরিবারের তরফে বিশদে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে শুক্রবার বিকেলেই ছুটি পাবেন অভিনেতা এবং নিউটাউনের বাসভবনে ফিরে যাবেন।

