missed childhood vaccines grownup catch up vaccination information

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শৈশবে সময়মতো সব টিকা নেওয়া হয়নি? কিংবা কোন টিকা নেওয়া হয়েছিল, কিন্তু এখন আর মনে নেই? তা বলে সংক্রমণের ঝুঁকি নিয়ে বাকি জীবন কাটাতে হবে, এমন নয়। কারণ ছোটবেলায় বাদ পড়া বেশ কিছু টিকা প্রাপ্তবয়স্ক বয়সেও নেওয়া সম্ভব। তবে কোন টিকা, কতগুলি ডোজ এবং কোন বয়স পর্যন্ত নেওয়া যাবে, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও টিকাকরণের ইতিহাসের উপর।

শিশুর জন্মের পর থেকেই নির্দিষ্ট সূচি মেনে টিকাকরণের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অসুস্থতা, আর্থিক সমস্যা, সচেতনতার অভাব বা চিকিৎসার সুযোগ না থাকায় অনেকেরই কোনও না কোনও টিকা বাদ পড়ে যায়। পরে বড় হয়েও সেই টিকা নেওয়ার সুযোগ থাকে। চিকিৎসার পরিভাষায় একে বলে ‘ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’।

আরও পড়ুন:

শিশুরোগ বিশেষজ্ঞদের কথায়, ছোটবেলায় টিকা বাদ পড়েছে মানেই সুরক্ষার সুযোগ শেষ, এমন নয়। বয়স বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। ডায়াবেটিস-সহ ক্রনিক ডিজিজ থাকলেও সংক্রমণের ঝুঁকি বাড়ে। ফলে প্রাপ্তবয়স্কদেরও টিকাকরণের বিষয়ে সচেতন থাকা জরুরি।

missed childhood vaccines adult catch up vaccination guide
ছবি: সংগৃহীত

বড় বয়সে কোন টিকা?
হেপাটাইটিস বি এবং এ:
লিভারের সংক্রমণ প্রতিরোধে এই দুই টিকা গুরুত্বপূর্ণ। ছোটবেলায় না নেওয়া থাকলে বা ডোজ অসম্পূর্ণ থাকলে, নির্দিষ্ট ক্ষেত্রে বড়রাও এই টিকা নিতে পারেন।

এমএমআর: হাম, মাম্পস ও রুবেলা থেকে সুরক্ষা দেয়। আগে প্রয়োজনীয় ডোজ না নেওয়া থাকলে চিকিৎসকের পরামর্শে নেওয়া যেতে পারে।

ভ্যারিসেলা: চিকেনপক্স প্রতিরোধে কার্যকর। আগে পক্স না হলে এবং টিকা নেওয়া না থাকলে প্রাপ্তবয়স্কদেরও প্রয়োজন হতে পারে।

টিড্যাপ: টিটেনাস, ডিপথেরিয়া ও হুপিং কাশি থেকে সুরক্ষা দেয়। গর্ভাবস্থাতেও এই টিকা গুরুত্বপূর্ণ।

এইচপিভি: জরায়ুমুখের ক্যানসার-সহ কয়েকটি ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। নির্দিষ্ট বয়সের প্রাপ্তবয়স্করাও এই টিকা নিতে পারেন।

এ ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ও হারপিস জস্টারের টিকা বিশেষত প্রবীণ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

missed childhood vaccines adult catch up vaccination guide
ছবি: সংগৃহীত

দীর্ঘস্থায়ী অসুখে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের অসুখ থাকলে সংক্রমণ গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও অতিরিক্ত কিছু টিকার প্রয়োজন হতে পারে। চিকিৎসকদের কথায়, শৈশবে বাদ পড়া টিকা পরবর্তী সময়ে নেওয়া সম্ভব কি না, তা বয়স, আগের টিকাকরণের ইতিহাস এবং শারীরিক অবস্থা বিচার করে ঠিক করতে হয়।

মনে না থাকলে বা নথি না থাকলে?
পুরনো টিকার নথি না থাকলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় টিকার তালিকা তৈরি করা সম্ভব। আগের ডোজের হিসাব পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী ডোজ ঠিক করা সম্ভব। কোনও ডোজ বাদ পড়লেই গোটা প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয় না।

তবে সব টিকা সব বয়সে নেওয়া যায় না। গর্ভাবস্থা বা বিশেষ কিছু শারীরিক সমস্যায় নির্দিষ্ট কিছু টিকা এড়িয়ে চলতে হয়। তাই নিজে থেকে টিকা না নিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলাই জরুরি। মনে রাখবেন, টিকাকরণ শুধু শৈশবের দায়িত্ব নয়। বয়স বাড়লেও সংক্রমণ থেকে সুরক্ষার প্রয়োজন ফুরোয় না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *