স্বাস্থ্যরক্ষার অপরিহার্যতা অধিকাংশ সময়ই ভুলে যাই আমরা। অথচ তার ফল ভুগতে হয় আমাদেরই। পেনশন ফান্ড রেগুলেটর সম্প্রতি নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প, এনপিএস স্বাস্থ্য স্কিম। অবসরকালীন সঞ্চয়ের মতো জরুরি বিষয়ে এক্ষেত্রে আলোকপাত করা হয়েছে। লিখছেন অরূপ দাশগুপ্ত
প্রায় নিঃশব্দে একটি গুরুত্বপূর্ণ রিফর্ম নিয়ে এসেছেন আমাদের পেনশন রেগুলেটর PFRDA। আমার মতে, এই বিষয়টি নিয়ে সকলেরই জানা উচিত। এনপিএস স্বাস্থ্য স্কিম নিয়ে কিছু কথা নির্দিষ্টভাবে বলতে চাই। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফে এটি একটি নতুন পরীক্ষামূলক প্রকল্প, যা পাইলট প্রোজেক্ট হিসাবে চিহ্নিত। ‘রেগুলেটরি স্যান্ডবক্স’, যা ধারাবাহিক রিফর্মের অংশ, তারই আওতায় এটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অবসরকালীন সঞ্চয় (এই নিয়ে সচেতনতা বাড়ছে, মনে রাখবেন) আর তারই পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় মেটাতে আর্থিক সহায়তা দেওয়া। এর মাধ্যমে এনপিএস গ্রাহকরা নির্দিষ্ট শর্তে তাঁদের সঞ্চিত তহবিলের একটি অংশ চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:
প্রধান বৈশিষ্ট্য
- এটি একটি স্বেচ্ছাসেবী প্রকল্প হিসাবে আনা হয়েছে।
- বহির্বিভাগ (OPD) এবং হাসপাতালে ভর্তি (IPD) সংক্রান্ত চিকিৎসার খরচ মেটানোর জন্য আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।
- এটি চালু পেনশন স্কিমের মধ্যে A number of Scheme Framework (MSF)-এর অধীনে পরিচালিত হবে বলে জানা যাচ্ছে।
- অনুমোদিত হাসপাতাল, TPA বা স্বাস্থ্যসেবা অংশীদারের মাধ্যমে চিকিৎসার খরচ মেটানোর ব্যবস্থা থাকবে, এও জানা গেছে।
- এখানে ন্যূনতম প্রাথমিক বিনিয়োগ ২৫,০০০ টাকা। এখানে বলে রাখা ভাল যে, স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্টভাবে গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে, চিকিৎসার জন্য NPS তহবিলের ১০০% পর্যন্ত আগাম উইথড্রয়ালের সুযোগ থাকতে পারে। সরাসরি অনুমোদিত স্বাস্থ্যসেবা সংস্থাকে টাকা দেওয়া হবে।
সুবিধা
অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সুরক্ষা পাওয়া আজ ভারতের মতো দেশে খুব জরুরি। আমাদের চিকিৎসা ক্ষেত্রের ইনফ্লেশন নিয়ে নতুন করে কিছু আর বলতে চাই না। শুধু এইটুকু মনে করিয়ে দিই যে, বড় ধরনের চিকিৎসা খুব জটিল আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আসে। রিটায়ারমেন্টের পর তা আরও বড় অসুবিধা হয়ে দঁাড়ায়। তাই অবসর পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষাকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত।
তবে এখানেও কিছুটা সীমাবদ্ধতা আছে, তা না বললে অসম্পূর্ণ থাকবে আমার আজকের লেখা। এই যে প্রকল্পটির কথা বলছি, তা কিন্ত সম্পূর্ণ স্বাস্থ্যবিমার বিকল্প নয়। এটি একটি পরিপূরক ব্যবস্থা । তাই প্রত্যেকেরই একটি উপযুক্ত স্বাস্থ্যবিমা বজায় রাখা উচিত বলে আমি মনে করি।
সব মিলিয়ে এই নতুন উদ্যোগ অবশ্যই দরকারি এবং প্রাসঙ্গিক। এক কথায় বলতে গেলে এনপিএস স্বাস্থ্য স্কিম এমন এক নতুন ব্যবস্থা, যা অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি চিকিৎসার খরচ মেটানোর সুযোগ দেবে। অবশ্য বর্তমানে এটি কেবল পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়তে পারে বলে অনেকে মনে করছেন। আইসিআইসিআই পিএফ এনপিএস স্বাস্থ্য ইক্যুইটি প্লাস শীর্ষক একটি প্রস্তাব ইতিমধ্যেই এসেছে পিএফআরডিএ পরিচালিত বিধি অনুসারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
