উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অর্থের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায়। শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন প্রশাসনিক কর্মকর্তারা।
পুলিশের বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর রাজগড় থানায় রামপুরের বাসিন্দা ধ্রুবচন্দ্র নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন যে, প্রমিলা নামে এক মহিলা তাঁকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য অর্থের প্রস্তাব দেন এবং প্ররোচিত করার চেষ্টা করেন।
এই লিখিত অভিযোগের ভিত্তিতে, পুলিশ তৎক্ষণাৎ উত্তরপ্রদেশ বেআইনি ধর্মান্তরণ প্রতিরোধ আইনের (Uttar Pradesh Prohibition of Illegal Conversion of Faith Act) প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে। শনিবার, এক গোপন সূত্রে খবর পেয়ে রাজগড় থানার একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানের দরুন তদন্তকারী দল চন্দনপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত প্রমিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সুত্রে খবর, ওই মহিলাকে হেপাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে বিচারবিভাগীয় হেপাজতে (judicial custody) পাঠানো হয়েছে।
