উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) হেনস্থার ঘটনায় অভিযুক্ত শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার (Tanay Shastri Arrested) করেছে পুলিশ। মিমির সরাসরি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে হেফাজতে নেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও।
গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, সেখানে শ্রী তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি মিমির সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করেন এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যাওয়ার কথা বলেন। শুধু তাই নয়, পরে বিষয়টি নিয়ে মিমি প্রতিবাদ জানালে তাঁকে হুঁশিয়ারিও দেওয়া হয়।
এই অপমানের বিরুদ্ধে চুপ থাকেননি মিমি। তিনি সরাসরি বনগাঁ থানায় তনয় শাস্ত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিমি তাঁর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘যে দোষ করেছে, সে শাস্তি পাবে। এতদিন ধরে আমার ওপর হেনস্থা চলছিল এবং বিভিন্ন মিডিয়া ও চ্যানেলে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল। চুপ থাকারও একটা সীমা থাকে। একজন নারী হেনস্থার শিকার হলে সেটাকে গুরুত্ব না দিয়ে ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।’
মুমির দেরি করে আসার যে প্রচার করা হয়েছিল, তাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন অভিনেত্রী। তিনি জানান, ২০১০ সাল থেকে ইন্ডাস্ট্রিতে থাকলেও আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তিনি ৫ মিনিট দেরি করেছেন। বরং তিনি সবসময় সময়ের আগেই পৌঁছান।
ঘটনাটি নিয়ে মিমি অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ‘এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এই ঘটনার শেষ দেখব।’
