উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে চলেছে। যদিও এই সিস্টেমটি মূলত অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে এবং বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তবুও এর প্রত্যক্ষ ও পরেোক্ষ প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গজুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও এই নিম্নচাপের প্রভাব স্পষ্ট থাকবে। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চলছে বিক্ষিপ্ত রোদের খেলা। আজ ও কাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা সংলগ্ন অঞ্চলে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সমুদ্র উত্তাল থাকায় আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

