বহরমপুর: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মর্মান্তিক মৃত্যু হল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের (Migrant Employees Dying)। শনিবার মুর্শিদাবাদ জেলার (Murshidabad) ডোমকল মহকুমা এলাকায় এই জোড়া মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নার রোল ওঠে পরিবারে। মৃতরা হলেন আশিক ইকবাল ও জাকিরুল শেখ।
জানা গিয়েছে, ডোমকলের বাসিন্দা আশিক ইকবাল গত ৭ মাস ধরে কেরলে (Kerala) কর্মরত ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। সহকর্মীরা তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ত্রিশুর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সাত মাস আগে উপার্জনের আশায় বাইরে যাওয়া আশিকের ভোটের আগে বাড়ি ফেরার কথা ছিল। তাঁর মৃত্যুতে দিশেহারা স্ত্রী ও ছোট সন্তান। বৃদ্ধ বাবা আবু মণ্ডল কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘এবার আমাদের দেখবে কে? সংসার চলবে কীভাবে ভেবে পাচ্ছিনা।’
অন্যদিকে, কেরলেরই একটি ভাড়াবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে জাকিরুল শেখের। পেশায় রাজমিস্ত্রি জাকিরুল মাত্র এক মাস আগেই কেরলে পাড়ি দিয়েছিলেন। বাড়ি ফেরার বদলে তাঁর নিথর দেহ ফেরার প্রতীক্ষায় এখন গোটা গ্রাম। জেলাজুড়ে পরিযায়ী শ্রমিকদের এই ধারাবাহিক মৃত্যু ফের একবার কর্মসংস্থানের অভাবের করুণ ছবিটা সামনে এনে দিয়েছে।
