NTA | প্রশ্নফাঁস রুখতে ২৪ ঘণ্টা কড়া নজর! নিট বিতর্কের পর সাড়ে ৭ কোটির নিরাপত্তা বলয় গড়ছে এনটিএ

NTA | প্রশ্নফাঁস রুখতে ২৪ ঘণ্টা কড়া নজর! নিট বিতর্কের পর সাড়ে ৭ কোটির নিরাপত্তা বলয় গড়ছে এনটিএ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের পর সর্বভারতীয় পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা ফেরাতে বড় উদ্যোগ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রশ্নপত্র ফাঁস, নিরাপত্তার ফাঁকফোকর ও সব ধরনের জালিয়াতি পুরোপুরি রুখতে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এজন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে।

এনটিএ সূত্রে জানা গিয়েছে, আগামী দুই বছরের মেয়াদে একটি পেশাদার নিরাপত্তা সংস্থাকে নজরদারির দায়িত্ব দেওয়া হবে। দিল্লির মিন্টো রোডে অবস্থিত এনটিএ-র প্রধান কার্যালয়, ওখলার আঞ্চলিক দপ্তর, প্রশ্নপত্র সংরক্ষণের স্ট্রং রুম, গুরুত্বপূর্ণ সার্ভার রুম, গুদাম এবং নথিপত্র রাখার জায়গায় দিনরাত ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হবে। এজন্য এনটিএ সাড়ে সাত কোটি টাকার একটি দরপত্র আহ্বান করেছে।

নিরাপত্তা সংস্থা বাছাইয়ের ক্ষেত্রেও এবার নিয়ম বদলাচ্ছে এনটিএ। সবচেয়ে কম দর দেওয়া সংস্থাকে কাজ দেওয়ার প্রচলিত প্রথার বদলে এবার ‘কোয়ালিটি অ্যান্ড কস্ট বেসড সিলেকশন’ (QCBS) পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ সংস্থার দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে কারিগরি যোগ্যতার জন্য ৭০ শতাংশ এবং খরচের হিসেবে ৩০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে। আবেদনের জন্য কেন্দ্র সরকারি সংস্থা, বিমানবন্দর বা মেট্রোর মতো উচ্চ-নিরাপত্তাবেষ্টিত এলাকায় অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে আধুনিক প্রযুক্তির ব্যবহার আবশ্যিক রাখা হয়েছে। নিরাপত্তারক্ষীদের জন্য জিপিএস-ভিত্তিক গার্ড পেট্রোলিং ব্যবস্থা, বায়োমেট্রিক হাজিরা, মেটাল ডিটেক্টর এবং কঠোর পরিচয়পত্র পরীক্ষার পরই অফিসে প্রবেশের অনুমতি মিলবে। এছাড়া পরীক্ষার সমস্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে।

নিট-ইউজি প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক তৈরির পর সংসদে পাস হয় অ্যান্টি-পেপার লিক আইন। সেই ঘটনার পর পরীক্ষার্থীদের আস্থা ফেরাতে এবং অনিয়ম ঠেকাতে এবার পরীক্ষা পরিচালনার প্রতিটি ধাপে নজরদারি বাড়াল এনটিএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *