উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একবার মাইগ্রেনের যন্ত্রণা (Migraine Ache) শুরু হলে অন্য কোনও কাজ করাই দুষ্কর হয়ে ওঠে। মাইগ্রেন অনেক ক্ষেত্রেই জিনঘটিত রোগ। মস্তিষ্কের ‘ট্রাইজেমিনাল নার্ভ’ উত্তেজিত হলে এই ব্যথা হয়। ‘সেরেটোনিন’ নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলেও এই ব্যথার প্রকোপ বাড়ে। এই ব্যথা একবার শুরু হলে সহজে কমতে চায় না। এমন কিছু কিছু খাবার আছে, যেগুলি এই ব্যথাকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের ব্যথা শুরু হলে সেই খাবারগুলি এড়িয়ে চলবেন।
নোনতা খাবার
নুন আছে এমন খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে সক্ষম। সরাসরি নুন খাওয়া যেমন ক্ষতিকর, তেমনই নুনের পরিমাণ বেশি এমন খাবার খাওয়াও এই সময়ে এড়িয়ে চলুন।
অ্যালকোহল
মাইগ্রেনের সমস্যায় সবচেয়ে ক্ষতিকর জিনিস হল অ্যালকোহল জাতীয় পানীয়। গবেষণা অনুসারে, ৩৫ শতাংশ মানুষ মাইগ্রেনের ব্যথায় ভোগেন মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে।
চকোলেট
চকোলেট মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। শুধু চকোলেট নয়, চকোলেট দিয়ে তৈরি কোনও পানীয়, মিষ্টি বা কোনও রকম মুখরোচক খাবার খেলেও ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে। চকোলেটে থাকা ক্যাফিন, ট্যানিন জাতীয় উপাদানের কারণে এমনটা হয়।
কফি
অত্যধিক পরিমাণে কফি খাওয়ার প্রবণতা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কফিতে থাকা ক্যাফিন মাথা ব্যথার নেপথ্য কারণ। দিনে মাত্রাতিরিক্ত হারে চা, কফি খেলে মারাত্মক আকার নিতে পারে মাইগ্রেনের সমস্যা।
মিষ্টি
চিনি আছে এমন পানীয়, খাবার এবং মিষ্টি মাইগ্রেনের ব্যথায় একেবারেই এড়িয়ে চলুন। এই ধরনের খাবার মাইগ্রেনের ব্যথার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
