উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার টেক্সাস উপকূলে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা (Airplane Crash)। সোমবার বিকেলে গ্যালভাস্টন দ্বীপের (Galveston Island) কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান ভেঙে পড়ে প্রাণ হারালেন অন্তত ৫ জন। মৃতদের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। নিখোঁজ আরও বেশ কয়েকজন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, বিমানে মেক্সিকোর চার নৌসেনা এবং এক শিশুসহ চারজন মার্কিন নাগরিক ছিলেন। একজন অসুস্থ তরুণকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। গ্যালভাস্টন দ্বীপের কাছে সেটি আছড়ে পড়ে। মার্কিন কোস্ট গার্ড ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। তবে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্যালভাস্টনে গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ছিল। প্রতিকূল আবহাওয়া নাকি যান্ত্রিক গোলযোগ— কোন কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে মেক্সিকান নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন।
গ্যালভাস্টন শেরিফ অফিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সমুদ্রে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। মেক্সিকান নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে হতাহতের সঠিক সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আমেরিকা ও মেক্সিকোর প্রশাসনিক মহলে।
