META | কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা মামলায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, রায় নিউ মেক্সিকো আদালতের

META | কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা মামলায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, রায় নিউ মেক্সিকো আদালতের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের মেটাকে (Meta) বড় আইনি ধাক্কা দিল আদালত। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, নিউ মেক্সিকোর সান্তা ফে-র বিচারক ব্রায়ান বিডশাইড (Bryan Biedscheid) সংস্থাকে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার একটি টিন মেন্টাল হেলথ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফেসবুক (Fb) এবং ইনস্টাগ্রামে (Instagram) কমবয়সিদের জন্য একাধিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টোরেজের (Raul Torrez) দায়ের করা অভিযোগকে সমর্থন করে বিচারক রায়ে জানিয়েছেন, মেটার কার্যকলাপ ওই স্টেটে ‘পাবলিক নুন্যান্স’ বা জনৈক উপদ্রব তৈরি করেছে। টোরেজের মূল দাবি ছিল, মেটা এমনভাবে তাদের প্ল্যাটফর্মগুলো ডিজাইন করেছে যাতে কমবয়সিরা সহজেই আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি, ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশুদের যৌন নির্যাতন রোধ করতেও সংস্থা ব্যর্থ হয়েছে।

এর আগে মামলার প্রথম ধাপে নিউ মেক্সিকোর একটি জুরি মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছিল। জুরির মতে, প্ল্যাটফর্মগুলিকে কমবয়সিদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করে মেটা কনজিউমার সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।

আমেরিকার বিভিন্ন মহলে এই মামলার দিকে বিশেষ নজর ছিল। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি স্টেট এবং ১,৩০০-র বেশি স্কুল ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করেছে। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কার্যপ্রণালীতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানানো হচ্ছে।

আগামী পাঁচ বছরের জন্য মেটাকে বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত। যেমন- কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে মাসিক সীমা নির্ধারণ, নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রে আরও কড়া নিয়ন্ত্রণ আনা, প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যোগাযোগের ওপর কঠোর নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চ্যাটবটের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলিকে আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা।

এছাড়া আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, নিউ মেক্সিকোয় কোনও শিশু যাতে মেটার AI চ্যাটবটের সঙ্গে রোম্যান্টিক বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়াতে না পারে, তা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাতে AI চ্যাটবট ব্যবহার করে কোনও শিশুকে নিয়ে যৌনতা সংক্রান্ত আলোচনা বা সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারেন, সেই ব্যবস্থাও করতে হবে। বিগত বছর রয়টার্সের একটি প্রতিবেদনে মেটার অভ্যন্তরীণ নথির উল্লেখ করে জানানো হয়েছিল যে, সংস্থার AI চ্যাটবট শিশুদের সঙ্গে রোম্যান্টিক বা যৌন ইঙ্গিতপূর্ণ আলাপে জড়িয়ে পড়তে পারে, যা এই মামলার অন্যতম প্রধান প্রেক্ষাপট।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে মেটা। সংস্থার দাবি, তারা দীর্ঘদিন ধরেই প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করে সরিয়ে দেওয়ার কাজ করে আসছে। মেটার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনলাইনে কিশোরদের সুরক্ষায় আমাদের কাজের রেকর্ড নিয়ে আমরা আত্মবিশ্বাসী। যে সব অভিযোগে বাস্তব তথ্য বিকৃত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।’

অন্যদিকে, নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টোরেজ এই রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, ‘মেটা শিশুদের নিরাপত্তার বদলে লাভকে বেশি গুরুত্ব দিয়েছে। সোশ্যাল মিডিয়া সংস্থাকে শিশুদের সুরক্ষায় পরিবর্তন আনতে বাধ্য করার ক্ষেত্রে এই রায় প্রথম।’ তিনি আরও যোগ করেন, এটি শুধু একটি সংস্থার বিরুদ্ধে রায় নয়, বরং একই ধরনের সমস্যার মুখে থাকা অন্য স্টেট বা দেশের জন্য একটি কার্যকর ব্লুপ্রিন্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *