জামালদহ: বর্ষার শুরুতেই জলমগ্ন রাস্তা এবং নদীর ভাঙনে বিপর্যস্ত মেখলিগঞ্জের (Mekhliganj) জামালদহ গ্রাম পঞ্চায়েতের খারিজা জামালদহ গ্রাম। সুটুঙ্গা নদীর পাড়ে অবস্থিত বারুণী হরিবাসর প্রাইমারি বিদ্যালয় ও অঙ্গনওয়ারি কেন্দ্রে যাতায়াতের দুটি প্রধান রাস্তা জলের তোড়ে ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পড়ুয়া, শিক্ষক ও স্থানীয়রা (Highway Collapse)।
স্কুলের মাঠে পৌঁছানোর দুটি প্রধান রাস্তাই গত দুই দিনের প্রবল বর্ষণে কার্যত নিশ্চিহ্ন। স্কুল মাঠের অনেকাংশ ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে। এর ফলে খুদে পড়ুয়ারা ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা দিয়ে অথবা কৃষিজমির সংকীর্ণ আল দিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে। মায়েরা শিশুদের কোলে করে অঙ্গনওয়ারি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয় অভিভাবক বিকাশ বর্মন ও শম্পা বর্মনের অভিযোগ, গত বছর থেকেই রাস্তা দুটির অবস্থা বেহাল। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বিজেপি (BJP) নেতা মুকন্দ বর্মন জানান, গত বছর মেরামতি হলেও এবার জলের তোড়ে তা আবার ভেঙে পড়েছে। স্কুলের প্রধান শিক্ষক বিদেশ সিংহও সমস্যার কথা স্বীকার করে প্রশাসনিক জরুরি পদক্ষেপের আবেদন জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির সদস্য অমিতাভ বর্মন দ্রুত মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। একদিকে ভাঙন, অন্যদিকে অবহেলার অভিযোগ—সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। দ্রুত রাস্তা সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

