Aroop Biswas | মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের এফআইআর! ‘সত্যের জয়’, দাবি শতদ্রুর

Aroop Biswas | মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের এফআইআর! ‘সত্যের জয়’, দাবি শতদ্রুর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যুবভারতী স্টেডিয়ামে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় (Kolkata Occasion Chaos) রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Police)। আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ পুলিশের। দীর্ঘ টানাপোড়েনের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানকে ঘিরে। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগ, ওই অনুষ্ঠান চলাকালীন অরূপ বিশ্বাস তাঁর কাছে বিপুল সংখ্যক ‘কমপ্লিমেন্টারি’ টিকিট দাবি করেন। অরূপের কথা না মানলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ, অরূপ ২২ হাজার টিকিট হাতিয়ে নিয়েছিলেন, যা পরবর্তীতে কালোবাজারি করা হয়। এছাড়া অনুষ্ঠানে ভিআইপি ও প্রভাবশালীদের অতিরিক্ত উপস্থিতির কারণে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয় এবং মেসির নিরাপত্তারক্ষীরা তাঁকে তড়িঘড়ি সরিয়ে নিতে বাধ্য হন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, প্রাক্তন ডিজি রাজীব কুমার সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলে শতদ্রু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সত্যমেব জয়তে।’ পাশাপাশি নিজের পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু।

পুলিশ সূত্রে খবর, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে তোলাবাজি (৩০৮/২), প্রতারণা (৩১৮/৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন (৩৫১/২), অপরাধমূলক ষড়যন্ত্র (৬১/২) এবং অভিন্ন উদ্দেশ্য (৩/৫)।

প্রসঙ্গত, ওই ঘটনার সময় ভিড়ের চাপে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের আঘাত পাওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে অস্বস্তি তৈরি করেছিল। সে সময় টিকিট বিক্রি থেকে ১৯ কোটি টাকা আয় হলেও, অব্যবস্থাপনার জেরে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সময় তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতিও নিয়েছিলেন। এবার এফআইআর রুজু হওয়ায় বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *