পারডুবি: নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে রাজ্যে চলা বিতর্কের মাঝেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। ছেলের নামে আসা নোটিশ সংগ্রহ করতে গিয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের (SIR discover loss of life)। শনিবার সকালে কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের (Mathabhanga) পারডুবি গ্রাম পঞ্চায়েতের খাটেরবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
মৃতের নাম রহমান বস্তাদার (৬৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রহমানের ছেলে আমিনুর বস্তাদারের নামে ভোটার তালিকায় নাম বিভ্রাট সংক্রান্ত এসআইআরের শুনানির নোটিশ এসেছিল। সেই নোটিশ আনতে এদিন সকালে স্থানীয় বুথ লেভেল অফিসার (BLO) চিনুমুনি মণ্ডল রায়ের বাড়িতে যান তিনি। বিএলও-র দাবি, কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। দ্রুত তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগই মৃত্যুর কারণ। তবে পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই নোটিশ নিয়ে তীব্র মানসিক চাপে ও আতঙ্কে ছিলেন রহমান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে মাথাভাঙ্গায়। খবর পেয়েই মৃতের বাড়িতে পৌঁছান তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও যুব জেলা সভাপতি স্বপন বর্মন অভিযোগ করেন, কমিশন ও বিজেপি যৌথভাবে এসআইআর-এর নামে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। এই মৃত্যুর জন্য তাঁরা নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন।
অন্যদিকে, পালটা তোপ দেগেছে বিজেপিও। জেলা বিজেপি সাধারণ সম্পাদক মনোজ ঘোষের দাবি, তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে। তাঁর মতে, অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার বাদ যাওয়ার ভয়েই তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য, এই বুথেই আগে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে, মাথাভাঙ্গার এই মৃত্যু রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা বিতর্ককে আরও উসকে দিল।
