উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে মেটা (Meta)-র সিইও মার্ক জুকারবার্গকে তিন দিনের আলটিমেটাম দিল লোকসভার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া এবং দায়ী আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে ভারতে ফেসবুকের ‘সেফ হারবার’ (Protected Harbor) সুরক্ষা বাতিল করা হতে পারে বলে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি মোদির ভিডিও ডিলিট করাকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ বলে চিহ্নিত করেছে। কমিটির মতে, এর মাধ্যমে ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিকে নিশানা করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহার করা হলে ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির কর্তাদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা বা এফআইআর (FIR) দায়েরের আইনি পথ সুগম হবে।
ঘটনার সূত্রপাত ২৩ জুলাই। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বাধীন ছাত্র বিক্ষোভের মাঝে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইনি ব্যবস্থার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী মোদি একটি সেলফি-স্টাইল ভিডিও বার্তা দেন। এটি ইনস্টাগ্রামে পোস্টের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করা হয়। কিন্তু মেটা ফেসবুক থেকে ভিডিওটি হঠাৎ সরিয়ে নিলে বিতর্ক তৈরি হয়। বিজেপি নেতৃত্ব ও নেটিজেনদের তোপের মুখে পড়ে দ্রুত তা পুনর্বহাল করে সংস্থাটি।
এই ঘটনায় সম্প্রতি মেটা আধিকারিকদের তলব করে প্রশ্ন তোলে সংসদীয় কমিটি। মেটা প্রতিনিধিরা ঘটনার জন্য ক্ষমা চেয়ে এটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দাবি করলেও, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেই যুক্তি ‘যুক্তিযুক্ত নয়’ বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রকের সাফ কথা, প্রযুক্তি সংস্থা হিসেবে মেটার উচিত নিজেদের কাঠামোগত নিরাপত্তা আরও সুদৃঢ় করা।
অন্যদিকে, শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট ও নারীদের নিশানা করে তৈরি আপত্তিজনক পোস্ট সরাতে গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে ৩ দিনের ডেডলাইন দিয়েছে কমিটি। পাশাপাশি, প্রতারণামূলক আর্থিক অ্যাপ চালুর অভিযোগে গুগল এবং প্রধানমন্ত্রীর একটি বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে মেটার বিরুদ্ধে পৃথক মামলা রুজু করেছে তেলেঙ্গানা পুলিশ।

