উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মাওবাদীদের গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান চালিয়ে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ (Maoist Weapon Dump Recovered)। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথভাবে এবং সিআরপিএফ-কে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়ান জেলার কুচাই থানার রোলাহাটু পাহাড়ে এক সফল অভিযান চালায় বাঁকুড়া পুলিশ। দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে মাওবাদীদের লুকিয়ে রাখা মাটির নিচের ডাম্প থেকে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক আইএনএসএএস (INSAS) রাইফেল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে রোলাহাটু পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে মোট দুটি INSAS রাইফেল, ১০৩ রাউন্ড তাজা গুলি এবং ছ’টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রোলাহাটু পাহাড়ে সাফল্যের পর যৌথ বাহিনী একই থানার অন্তর্গত বোরুহাটু ও জামব্রো পাহাড়েও তল্লাশি অভিযান চালায়। তবে সেখানে মাওবাদীদের পুরনো কোনো অস্ত্র ডাম্পের হদিশ মেলেনি। তদন্তকারীদের অনুমান, এই অস্ত্র ডাম্পগুলির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি সম্প্রতি হয় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নতুবা গ্রেপ্তার হয়েছেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই মাওবাদীরা হয়তো আগেই বোরুহাটু ও জামব্রো পাহাড়ের ডাম্পগুলি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে।
উদ্ধার হওয়া এই সমস্ত মারণাস্ত্রের উৎস কোথায় এবং কোনো বড় নাশকতার ছক কষতেই এগুলি মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, যে অস্ত্রভাণ্ডারগুলি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেগুলির খোঁজেও ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তবর্তী জঙ্গলগুলিতে নজরদারি এবং তল্লাশি অভিযান আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

