উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেও অব্যবস্থাপনার হাত থেকে রেহাই পেলেন না অলিম্পিক পদকজয়ী শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হওয়ার গৌরব অর্জন করলেও, তাঁকে অদ্ভুত এক বিপদের মুখে পড়তে হয়। আয়োজকদের পাঠানো পোশাক এবং জুতোর মাপ একেবারেই সঠিক না থাকায়, শেষ মুহূর্তে শ্যুটিং দলের এক মাসিয়রের থেকে পোশাক ও জুতো ধার করেই প্যারেডে অংশ নিতে হয় তাঁকে। রবিবার সকালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই ক্রীড়ামহলে শোরগোল পড়ে গেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মনু ভাকেরের কাছে নির্দিষ্ট কিট বা পোশাক এসে পৌঁছলেও তার মাপ ঠিক ছিল না। জ্যাকেটটি তাঁর ঠিকমতো গায়ে লাগেনি। মনুর বাবা রামকিষন গণমাধ্যমকে জানিয়েছেন, “মনুর জুতোর মাপ ৫ নম্বর। কিন্তু ওর জন্য যে জুতো পাঠানো হয়েছিল, তা হয় ৪ নয়তো ৬ নম্বর সাইজের ছিল।”
জানা গেছে, ব্যক্তিগত স্পনসরের মাধ্যমে ভারতীয় শ্যুটিং দলের সঙ্গে থাকা এক মাসিয়রের পোশাকের মাপ মনুর শরীরের সঙ্গে মিলে যায়। শেষ পর্যন্ত ওই মাসিয়রের কাছ থেকেই জামা এবং জুতো ধার নিয়ে ভারতের পতাকা হাতে মার্চপাস্টে অংশ নেন মনু।
জানা গিয়েছে, মনু শুরুতেই জাতীয় রাইফেল সংস্থাকে (NRAI) জানিয়ে দিয়েছিলেন যে উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকে সময় নষ্ট না করে তিনি অনুশীলনে মন দিতে চান। তবে ক্রীড়া কর্তৃপক্ষ ও ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত তিনি পতাকাবাহক হতে রাজি হন। তাঁর সঙ্গে ভারতের পতাকা হাতে হাঁটার কথা ছিল তেজিন্দারপাল সিং তুরের। কিন্তু সঠিক সময়ে তাঁর পোশাক না পৌঁছানোয় এবং বিমানবন্দর থেকে তা সংগ্রহ করার পর্যাপ্ত সময় না থাকায় শেষ মুহূর্তে কুস্তিগির পবন সেহরাবতকে মনুর সঙ্গে পতাকাবাহক হিসেবে নামানো হয়।

