উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মণিপুরের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র গোপন ডেরার সন্ধান পেল দিল্লি পুলিশ (Manipur PLA Militant Arrested)। শুক্রবার দক্ষিণ দিল্লির একটি ডেরায় গোপন সূত্রে অভিযান চালিয়ে মণিপুরের এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানী দিল্লি ও উত্তর-পূর্বের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গিনেতা মণিপুরের থৌবল জেলার সদর থানায় রুজু হওয়া একটি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) মামলার প্রধান অভিযুক্ত। ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সরাসরি যুক্ত ছিলেন। উল্লেখ্য, ‘মেইতেই’ জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত পিএলএ মূলত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ও সার্বভৌম মণিপুর প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়।
তবে নিরাপত্তার স্বার্থে এবং তদন্তের গোপনীয়তা বজায় রাখতে দিল্লি পুলিশ ধৃত জঙ্গিনেতার নাম প্রকাশ করেনি। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার হর্ষ ইন্দোরিয়া জানিয়েছেন, ওই জঙ্গিনেতার গ্রেপ্তারি নিয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিল্লিতে কোনো নাশকতার ছক নিয়ে তিনি আসেননি; বরং মণিপুরে চলা ধারাবাহিক সেনা অভিযানের কারণে পুলিশকে ফাঁকি দিতে তিনি রাজধানীতে এসে আত্মগোপন করেছিলেন।
উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে মে মাস থেকে চলা গোষ্ঠীহিংসা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এলেও, পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা বাহিনী মেইতেই এবং কুকি জঙ্গিগোষ্ঠীগুলির গোপন ঘাঁটিতে যৌথ অভিযান জারি রেখেছে। ধৃত পিএলএ নেতা কত দিন ধরে দিল্লিতে আত্মগোপন করেছিলেন এবং এখানে তাঁর অন্য কোনো সহযোগী বা সাহায্যকারী রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

