ডালখোলা: উৎসবের মরশুম ও দীপাবলির আগে উত্তরবঙ্গে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ মিলল (Brown Sugar Seized)। গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশের সফল অভিযানে ১ কেজি ১০০ গ্রামেরও বেশি ব্রাউন সুগার সহ মালদহের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলো। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি স্করপিও গাড়ি ও একাধিক মোবাইল ফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে ডালখোলা থানার পুলিশ সুনির্দিষ্ট ও গোপন সূত্রে খবর পায় যে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ২৭ নম্বর জাতীয় সড়কের বস্তাডাঙ্গি এলাকায় জোরদার নাকা চেকিং শুরু করে পুলিশ।
অভিযান চলাকালীন সন্দেহভাজন স্করপিও গাড়িটি সেখানে আসতেই সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় ১১টি প্যাকেটে রাখা প্রায় ১ কেজি ১০৬ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, এই মাদকগুলি কানকিতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই যুবকের বাড়িই মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের নাম নিজামুল মোমিন (বাড়ি মেহদীপুর গ্রাম) ও জিনাতুন ফিরদৌস (বাড়ি বাসুদেবপুর গ্রাম)।
এই সফল নাকা চেকিং ও অভিযানে নেতৃত্ব দেন ডালখোলা পুলিশ মহকুমার এসডিপিও চৈতন্য খেমানি এবং আইসি শঙ্খ চট্টোপাধ্যায়। আইসি শঙ্খ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে মোট ১ কেজি ১০৬ গ্রাম ব্রাউন সুগার, একটি স্করপিও গাড়ি এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবারই ধৃতদের রায়গঞ্জ স্পেশাল কোর্টে পেশ করা হয়েছে এবং মাদক চক্রের মূল শেকড় পর্যন্ত পৌঁছাতে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

