উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভাঙন অব্যাহত তৃণমূলে (TMC)। এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন রাজ্যে প্রাক্তন সেচমন্ত্রী তথা সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া (Manas Bhunia)। তিনি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হোয়াটসঅ্যাপে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।
শনিবার মমতাকে পাঠানো চিঠিতে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফার কথা স্পষ্ট জানিয়েছেন মানস। দল ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে যা হচ্ছে, তাতে এই দলে আর থাকা যাবে না। আমি আদর্শ নিয়ে রাজনীতি করি। আমার নিজস্ব একটা সম্মান আছে। আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের সেবা করতে। কিন্তু দলটার ভেতর থেকে এখন যেসব দুর্নীতি ও কেলেঙ্কারি বেরিয়ে আসছে, তাতে আমি আর প্রাথমিক সদস্য পদে থাকতে পারছি না।’ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সক্রিয় রাজনীতি বা সমাজসেবা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না।
প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবনে সবং থেকে সাতবার কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন মানস ভুঁইয়া। ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগ দেন। পরবর্তীতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বিধানসভা ভোটে নিজের খাসতালুক সবংয়ে পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল।হারের দায় স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন, ‘এই হার ও জনগণের রায় মাথা পেতে নিলাম।’ তবে পরাজয়ের পরই সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। মানস বলেছিলেন, ‘মেদিনীপুরের ছেলে হিসেবে ওঁকে মুখ্যমন্ত্রী পদে দেখে আমি গর্বিত।’
