উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’ নিয়ে এবার সরাসরি কলম ধরলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক প্রতিপক্ষের দখলদারির অভিযোগে বুলডোজার চালানোর ঘটনার (Bulldozer coverage) তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখলেন নতুন কবিতা ‘দখল’ (New poem)।
রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার (BJP) দখলমুক্ত করার নামে বুলডোজার সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। শনিবারও জমি দখল করে তৃণমূল কার্যালয় তৈরির অভিযোগে বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিজের ক্ষোভ উগরে দিয়ে প্রায় ২৭ লাইনের এই কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘আর কত বুলডোজার?/ আর কত অত্যাচার?/ আর কত দানবিকতা?’
কবিতার ছত্রে ছত্রে তিনি আক্রমণ করেছেন বর্তমান প্রশাসনিক ব্যবস্থাকে। বিশেষ করে আইনের রক্ষকদের নিশানা করে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘নেতাদের তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’ রাজ্যে পালাবদলের পরবর্তী সময়ে বিভিন্ন দুর্নীতি মামলায় তৃণমূল নেতাদের গ্রেপ্তার ও তল্লাশি অভিযানকে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শতশত গ্রেপ্তার কেন?/ কত পুরস্কার পাচ্ছো?’
কবিতার ভাষায় তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যারা বুলডোজার চালাচ্ছেন, তাঁদের পরিবারে যদি এমন বিপদ আসত, তবে তাঁরা কী করতেন? মমতা লিখেছেন, ‘নিজেদের পরিবারকে দেখো/ তাঁরা কী বলছে?/ এ সময় যদি তাঁদের জীবনে আসত?/ তবে কি তুমি শান্ত থাকতে?/ নাকি দখল মুক্ত হতে?’
এছাড়াও নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘জিতলেই যদি?/ তবে মানুষ কেন আতঙ্কিত?/ কেনই না সন্ধেতে নামছে মধ্যরাত?/ ভেবেছো কি একবার?’
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি রাজনীতির ময়দান থেকে সরে ‘মুক্ত বিহঙ্গ’ হয়ে মানুষের কাজ করতে চান। তবে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকার কথা বললেও, দলের প্রয়োজনে তিনি নিয়মিত পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি, সাহিত্যচর্চার মাধ্যমে নিজের রাজনৈতিক বার্তাও পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। এবার ‘দখল’ কবিতার মাধ্যমে তিনি মূলত বর্তমান সরকারের দমনের রাজনীতির বিরুদ্ধে সরব হলেন। এখন দেখার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কলমের লড়াই আগামীদিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।
