বানারহাট: প্রচন্ড গরমে জঙ্গল থেকে বেরিয়ে বিন্নাগুড়ি (Binnaguri) সেনাছাউনিতে জল খেতে এসে জলাধারে পড়ে যায় হস্তীশাবক। আর শাবককে বাঁচাতে গিয়ে জলাধারে পড়ে যায় মা হাতিও। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের রেতির জঙ্গল লাগোয়া বিন্নাগুড়ি সেনাছাউনির ভেতরে।
জানা গিয়েছে, অনবরত চেষ্টা করেও সেই জলাধার থেকে উঠতে পারেনি শাবক ও মা হাতিটি। এরপরই ঘটনাটি বিন্নাগুড়ি সেনাছাউনির জওয়ানদের চোখে পড়ে। তা দেখার পরই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রান শাখায়। বনকর্মীরা আসার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেনা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি শাখার রেঞ্জার সহ বনকর্মীরা। এরপর জেসিবি দিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালানো হয়। অবশেষে বনদপ্তর ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় শাবক সহ মা হাতিটিকে। এরপর রাতেই হাতির দল এসে শাবক সহ মা হাতিটিকে নিয়ে রেতির জঙ্গলে ঢুকে যায়। সেই সঙ্গে স্বস্তির হাসি ফোটে বনদপ্তর ও সেনাবাহিনীর মুখে।
