উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে (Mali) কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন পাঁচ ভারতীয় (Indians kidnapped)। তবে এবার তাঁদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে পদক্ষেপ করল ভারতীয় বিদেশমন্ত্রক (MEA)। অপহরণের বিষয়টি নিশ্চিত করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস মালির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করে চলেছে, যাতে ওই ভারতীয়দের নিরাপদ ফেরানো যায়।
মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে বলা হয়েছে, ‘গত ৬ নভেম্বর মালিতে পাঁচ ভারতীয়কে অপহরণের দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে দূতাবাস অবগত। দূতাবাস যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের নিরাপদ মুক্তি নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করছে।’ গত বৃহস্পতিবার পশ্চিম মালির কোবরির কাছে সশস্ত্র আততায়ীরা ওই পাঁচ ভারতীয়কে অপহরণ করে। তাঁরা একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পে কাজ করতে এখানে এসেছিলেন।
উল্লেখ্য, মালির শাসনভার এই মুহূর্তে জুন্টার হাতে। কিন্তু না অপরাধী চক্র ও জঙ্গিদের দৌরাত্ম্যে এখনও শান্তি ফেরেনি সেখানে। দীর্ঘদিন ধরেই মালিতে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) এবং আল কায়দা। বিদেশিদের অপহরণের ঘটনা এর আগেও ঘটেছে সেখানে। তবে এই দুই জঙ্গিগোষ্ঠীর কেউই এই অপহরণের নেপথ্যে রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
