Uploaded By: Sushmita Ghosh
পুরাতন মালদা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজছে। এরই মধ্যে পুরাতন মালদার (Malda Panchayat Turnover) মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল এক নাটকীয় পটপরিবর্তন। বিজেপি ও কংগ্রেসের জোটকে কার্যত ধুলিসাৎ করে এই পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার অনাস্থা প্রস্তাবে ১৭-৫ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে পঞ্চায়েতের রাশ নিজেদের হাতে নিল ঘাসফুল শিবির। অপসারিত হলেন বিজেপির সমর্থনে থাকা কংগ্রেসের প্রধান নবনীতা মণ্ডল। তাঁর জায়গায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তৃণমূলের রুম্পা রাজবংশী।
পুরাতন মালদা (Outdated Malda) ব্লকের এই ২৫ আসনের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ছিল রাজনৈতিক সমীকরণের মারপ্যাঁচে। সে সময় তৃণমূল ও কংগ্রেস উভয় পক্ষই ৯টি করে আসন পেয়েছিল। বিজেপি জিতেছিল ৫টি আসনে এবং নির্দল প্রার্থীরা পেয়েছিলেন ২টি আসন। সেই সময় কংগ্রেস ও বিজেপি জোট করে বোর্ড গঠন করে, যেখানে প্রধানের কুর্সি পায় কংগ্রেস এবং উপপ্রধান পদ যায় বিজেপির দখলে।
তবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সমীকরণ বদলাতে শুরু করে। গত ১৮ এপ্রিল তৃণমূলের তরফে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। নেপথ্যে ছিল কংগ্রেস ও নির্দল সদস্যদের দলবদল। সূত্রের খবর, নির্দলের ২ জন এবং কংগ্রেসের ৮ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে ফেলে শাসক দল। মঙ্গলবার সেই অনাস্থা বৈঠকেই দেখা গেল চূড়ান্ত ছবি।
১৭ জন সদস্যের সমর্থন নিয়ে নির্দল থেকে তৃণমূলে আসা রুম্পা রাজবংশী নতুন প্রধান নির্বাচিত হন। পঞ্চায়েত দখলের খবর চাউর হতেই এলাকায় শুরু হয়ে যায় উৎসবের মেজাজ। তৃণমূল কর্মী-সমর্থকেরা আবির খেলে ও বাজি ফাটিয়ে বিজয় উল্লাসে মাতেন। ভোটের মুখে এই পালাবদল রাজনৈতিকভাবে তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ঘর ভাঙার এই ঘটনায় বিজেপি-কংগ্রেস শিবিরে তৈরি হয়েছে চরম অস্বস্তি।
