বৈষ্ণবনগর: মহাকুম্ভে (Maha Kumbh 2025) অমৃত স্নান করতে গিয়ে প্রাণ হারালেন মালদার (Malda) এক শিক্ষক। ভিড়ের চাপে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। শুক্রবার সাত সকালে শিক্ষকের নিথর দেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন সকলে।
জানা গাছে, মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর-২নং গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকার বাসিন্দা ছিলেন অমিয় সাহা (৩৩)। তিনি বৈষ্ণবনগরের কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত মঙ্গলবার পরিবার ও আত্মীয় নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। তাঁর বাব-মাও সঙ্গে ছিলেন। কিন্তু এত ভিড়ের মধ্যে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অমিয়। পরে খুঁজে পাওয়া গেলে দেখা যায় তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়, প্রয়াগরাজের কুম্ভ মেলার কাছাকাছি এক হাসপাতালে (Hospital)। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার সকালে স্কুল শিক্ষকের দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার এবং গ্রামের লোকেরা। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার মৃত স্কুল শিক্ষকের বাড়ি যান। তাঁর পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন তাঁদের পাশে থাকার।
ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা প্রদীপ সাহা তিনি বলেন, ‘উত্তর প্রদেশে (Uttar Pradesh) ময়নাতদন্তও করা হয়নি। দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। এত অব্যবস্থাপনা ভাষায় প্রকাশ করা যাবে না।’
