মালদা: মালদা (Malda) তথা সমগ্র পশ্চিমবঙ্গের নাম আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করল কালিয়াচক-১ ব্লকের গয়েশবাড়ি গ্রামের কৃতী কন্যা আফরিন আক্তার। প্রাকৃতিক কৃষি (ন্যাচারাল ফার্মিং) বিষয়ক একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে সে। অত্যন্ত কঠিন পাঁচটি ধাপ পেরিয়ে এই অনন্য গৌরব অর্জন করেছে আফরিন।
আফরিন মালদার ঊষা মার্টিন স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের সঙ্গে ইংরেজবাজারের যদুপুর এলাকায় বসবাস। আফরিনের এই সাফল্যের পথটি মোটেও সহজ ছিল না। দেশজুড়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে প্রায় দুই লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। প্রতি ধাপে কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগীদের সংখ্যা কমতে কমতে যথাক্রমে ৬৫০, ১৩০ এবং ৩০-এ নেমে আসে। সবশেষে পঞ্চম ধাপে দেশজুড়ে মাত্র তিনজন শিক্ষার্থী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়, যাদের মধ্যে অন্যতম আফরিন।
প্রতিযোগিতার পাঁচটি ধাপই ইংরেজি ভাষায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল। সেখানে প্রতিযোগীদের বিষয়ভিত্তিক জ্ঞান, উপস্থাপনা দক্ষতা এবং প্রাকৃতিক কৃষি সংক্রান্ত আধুনিক ধারণার চুলচেরা মূল্যায়ন করা হয়। আফরিনের বাবা নায়েম আক্তার বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং মা বেনজির আমিন জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর হাজি ইব্রাহিম প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা। আফরিনের ছোট বোন আমরিন আক্তার ঊষা মার্টিন স্কুলেই পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। মেয়ের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শিক্ষক দম্পতির পরিবারে। খুশি আফরিনের স্কুল শিক্ষকরাও।
আগামীদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা মূল পর্বে বিশ্বের প্রায় ১৯৫টি দেশের সেরা প্রতিযোগীদের মুখোমুখি হবে আফরিন। সেখানে বিশ্বমঞ্চে প্রাকৃতিক কৃষির চূড়ান্ত লড়াইয়ে ভারতের হয়ে সওয়াল করবে সে। ঊষা মার্টিন স্কুলের প্রিন্সিপাল অনুপা ভাদুড়ি বলেন, ‘আমাদের ছাত্রী দেশের হয়ে আমেরিকায় ভারতের প্রতিনিধিত্ব করতে যাবে, আমরা সকলেই গর্বিত। আগামীদিনে ওর আরও উন্নতি কামনা করি।’

