প্রকাশ মিশ্র,মালদা: শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘মধ্যযুগীয় ধ্যানধারণাকে রুখতে উন্নত গবেষণাকেই ঢাল করতে বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনদিনের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা গৌড়বঙ্গের সমাবর্তন উৎসব এবছর মার্চ মাসের মধ্যেই করা হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বলেন, ‘শিক্ষায় কেন্দ্র ক্রমশ মধ্যযুগীয় ধ্যানধারণার দিকে চলে যাচ্ছে। অপবিজ্ঞানের প্রসার হচ্ছে। একমাত্র গবেষণায় উৎকর্ষই এই ধ্যানধারণার আমল পরিবর্তন ঘটাতে পারে।’
প্রায় ৯ বছর পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কার্যত মহা সমারোহের মধ্যে দিয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সোমবার সূচনা হয়ে গেল। ৯ বছর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিন ধরে তিনটি মাঠে বিভিন্ন ইভেন্টের খেলাগুলো চলবে। এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্রের শিক্ষানীতির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার বিজ্ঞান ভাবনা থেকে সরে গিয়ে ক্রমশ অপবিজ্ঞানের দিকে চলে যাচ্ছে। পাঠ্যক্রমে সাম্প্রদায়িকতাকে প্রকট করে তুলছে। উত্তর প্রদেশ সরকার তাদের পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে তাজমহলকে বাদ দিয়েছে।’ অপবিজ্ঞান প্রসঙ্গে তিনি গণেশের দুধ খাওয়ানোর বিষয়টি তুলে বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই ঘটনাকেও বিজ্ঞানের নামে অপবিজ্ঞান ভাবনা দিয়ে যুক্তিসংগত করার চেষ্টা করবে। পুষ্প রথের ভাবনা থেকে উড়োজাহাজ, তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কা রাম সেতুর ভাবনাও যুক্তিসংগত করার চেষ্টা হবে। এইভাবে দেশজুড়ে অপবিজ্ঞান ছড়িয়ে দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী এদিন গৌড়বঙ্গে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভাষা ভবনের উদ্বোধন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, সংস্কার হওয়া পুকুর, ছাতিমতলা প্রভৃতির উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার সহ বিভিন্ন প্রকাশনার উদ্বোধনও করেন তিনি। ব্রাত্য এদিন কৌশলে অতীতে বিশ্ববিদ্যালয়ের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তোলার পাশাপাশি জানিয়ে দেন, বর্তমানে সবাই এক হয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাবি করেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর চর্চায় ব্রতী হয়েছে।
