Mahua Moitra | ডিম-টমেটো নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির মহিলা কর্মীরা! ‘৩ বছর কোর্টে ঘুরতে হবে’, হুঁশিয়ারি মহুয়ার  

Mahua Moitra | ডিম-টমেটো নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির মহিলা কর্মীরা! ‘৩ বছর কোর্টে ঘুরতে হবে’, হুঁশিয়ারি মহুয়ার  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কৃষ্ণনগর আদালতে তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra) আসছেন, এই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ডিম ও টমেটো নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে হাজির হয়েছিলেন বিজেপি মহিলা কর্মীরা (BJP protesters)। কিন্তু শেষ পর্যন্ত সাংসদ বা তাঁর আইনজীবী কেউ উপস্থিত হননি। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দিলেন মহুয়া।

সাংসদ তাঁর বার্তায় সরাসরি বিজেপি কর্মীদের নিশানা করে বলেন, ‘আপনাদের তো দাদারা পাঠিয়েছে, বলেছে যান, হিরোইন হবেন, ডিম-টমেটো নিয়ে অপেক্ষা করুন।’ প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ওপর ডিম হামলার ঘটনার উল্লেখ করে মহুয়া স্পষ্ট জানান, তিনি অন্য ধাতুতে গড়া। তিনি বলেন, ‘মহুয়া মৈত্র কিন্তু উজ্জ্বল বিশ্বাস নন। রাজনীতি আমিও করছি, আপনারাও করছেন। সবারই গণতান্ত্রিক অধিকার আছে।’

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মহুয়ার কড়া বার্তা, ‘আপনারা যে ডিম-টমেটো নিয়ে অপেক্ষা করছেন, তা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি কী করব? আমি এফআইআর করব। প্রয়োজনে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব।’ মহুয়ার দাবি, যে কর্মীরা দু’মিনিটের জন্য ‘হিরোইন’ হতে ডিম নিয়ে এসেছিলেন, তাঁদের আগামী তিন বছর আদালতে হাজিরা দিতে হবে। সেই সময় বিজেপির কোনও নেতা তাদের বাঁচাতে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের জনরোষ ও ডিম হামলার সম্মুখীন হতে হচ্ছে। এই আবহেই মহুয়া মৈত্র ঘোষণা করেছেন, তিনি আগামী নির্বাচন পর্যন্ত নিজের লোকসভা এলাকায় সসম্মানে থাকবেন। তবে কেউ হেনস্তা করার চেষ্টা করলে আইন মেনেই তার যোগ্য জবাব দেওয়া হবে। মহুয়ার এই কড়া হুঁশিয়ারি রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *