উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আইপিএস ও আইএএস অফিসারদের নাম উল্লেখ করে করা একটি পোস্টকে কেন্দ্র করে আইনি গেরোয় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সরাসরি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। সেই পোস্টে তিনি অভিযোগ তোলেন, উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি কর্মসূচিতে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আইপিএস ও আইএএস আধিকারিকদের সুপরিকল্পিতভাবে ব্রাত্য বা এড়িয়ে চলা হয়েছে। পোস্টে বিশেষ করে শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফ-এর ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদ—এই তিন উচ্চপদস্থ কর্মকর্তার নাম উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি ছিল, ইচ্ছাকৃতভাবেই সংখ্যালঘু আমলাদের এই অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়েছিল।
মহুয়ার এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়। তাঁর বিরুদ্ধে সমাজে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর গুরুতর অভিযোগ তোলে বিরোধীরা। এই মর্মে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সাংসদ মহুয়া মৈত্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

