গাজোল: ২০২৬ সালের মাধ্যমিকের (Madhyamik Outcome 2026) মেধা তালিকায় গাজোল হাইস্কুলের জয়জয়কার। ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং মালদা জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করে নজির গড়ল গাজোল হাইস্কুলের কৃতি ছাত্র শুভ্রদীপ মন্ডল (Subhradip Mandal)। উত্তরবঙ্গের এই মেধাবী ছাত্রের সাফল্যে এখন খুশির জোয়ার গাজোলের রাঙাভিটা ঘোষপাড়া এলাকায়।
শুভ্রদীপের প্রাপ্ত নম্বরের তালিকা দেখলেই বোঝা যায় তার মেধার গভীরতা। সে বাংলা, ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল— এই চারটি বিষয়েই পূর্ণমান ১০০-তে ১০০ পেয়েছে। এছাড়া অংকে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৮ এবং ইংরেজিতে ৯৪ নম্বর পেয়েছে সে। শুভ্রদীপের বাবা ভজন মন্ডল এবং মা সবিতা রানী বিশ্বাস দুজনেই পেশায় স্কুল শিক্ষক। উল্লেখ্য, সবিতা দেবী গাজোল হাই স্কুলেরই শিক্ষিকা।
ছেলের মেধা তালিকায় স্থান পাওয়া নিয়ে এক চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাবা ভজন বাবু। তিনি বলেন, “সকালে যখন টিভিতে মেধা তালিকা দেখানো হচ্ছিল, শুভ্রদীপ তখন নিজের পড়াশোনাতেই মগ্ন ছিল। আমার চোখ ছিল টিভির পর্দায়। সেখানেই হঠাৎ ছেলের নাম ভেসে ওঠে। আমরা আশা করেছিলাম ও ৬৮০-র আশেপাশে নম্বর পাবে, কিন্তু মেধা তালিকায় নাম আসায় আমরা গর্বিত।”
কেবল পড়াশোনা নয়, শুভ্রদীপের আগ্রহ রয়েছে ফুটবল এবং নাটকের জগতেও। তবে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে সে অত্যন্ত স্থির। প্রথাগত পথে না হেঁটে শুভ্রদীপ এখন থেকেই ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার কথায়, “ভবিষ্যতে আইএএস (IAS) অফিসার হয়ে জেলা শাসক বা বিডিও পদের মতো প্রশাসনিক দায়িত্বে থেকে সাধারণ মানুষের সেবা করতে চাই।” প্রশাসনিক প্রধান হয়ে দেশ ও রাজ্যের উন্নয়নে শামিল হওয়াই এখন তার মূল লক্ষ্য।
