Abhishek Banerjee | সোনারপুরে হেনস্তার জের, অভিষেককে ‘এক্স’ ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের!

Abhishek Banerjee | সোনারপুরে হেনস্তার জের, অভিষেককে ‘এক্স’ ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শনিবার বিকেলে সোনারপুরে (Sonarpur) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হেনস্তার ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। তড়িঘড়ি তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এখন থেকে এক্স ক্যাটিগোরির নিরাপত্তা পাবেন অভিষেক (X-category)। এখন থেকে আর দু’জন নয়, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনজন রক্ষী।

জানা গিয়েছে, শনিবার সোনারপুরে এক দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তুমুল হেনস্তার মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রাতেই আসরে নামে রাজ্য সরকার। সাংসদকে ‘এক্স’ (X) ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগে রাজ্যে পালাবদলের পরই তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী একজন সাংসদ যে পরিমাণ নিরাপত্তা পান, বর্তমানে অভিষেককে সেই সুরক্ষাই দেওয়া হচ্ছিল। কিন্তু এই অনভিপ্রেত ঘটনার পর নিরাপত্তা পুনর্বিন্যাস করা হল।

এদিকে, এই ঘটনার তদন্তে নেমে রাতেই তৎপর হয়েছে সোনারপুর থানা। এলাকা জুড়ে রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হয়েছে আরও তিনজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে আর কারা জড়িত এবং এর পেছনে কোনও গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সোনারপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পাশাপাশি পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। একদিকে যেমন হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে, তেমনি নিরাপত্তার বিষয়ে উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *