উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পঞ্চমীর পর থেকেই মুষলধারে বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি—পুজোর আনন্দ মাটি করতে আবহাওয়ার এই ধারা বজায় রয়েছে ষষ্ঠীর সকালেও (Durga Puja Climate Forecast)। মহাষষ্ঠীর শুভ দিনেও আকাশের মুখ ভার এবং কালো মেঘের আনাগোনা দেখে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আজ কি তবে সারাদিন বৃষ্টিতে ভিজতে হবে? এই পরিস্থিতিতে পুজোপ্রেমীদের জন্য হাওয়া অফিসের তরফে বিশেষ আপডেট দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার (ষষ্ঠী) কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সপ্তমীতেও কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। প্যান্ডেল হপিংয়ের সময় তাই ছাতা সঙ্গে রাখা জরুরি।
শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোপ্রেমীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, বৃষ্টি দীর্ঘস্থায়ী হচ্ছে না। সোমবার অর্থাৎ অষ্টমী থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাবে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। উল্টে ভোরের দিকে হালকা শীতের আমেজ এবং দিনের গড় তাপমাত্রাও খানিক কমতে পারে।
পাশাপাশি, উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আবহাওয়া দেখা মিলবে পাহাড়ে। ফলে পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকরা মেঘ কেটে গিয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার সুবর্ণসুযোগ পেতে পারেন।

