উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মে মাসের পয়লা তারিখেই বড়সড় দুঃসংবাদ। এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি (LPG Gasoline Value hike) সিলিন্ডারের দাম। শুক্রবার, ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
কলকাতায় রেকর্ড দাম: মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল ৩২০২ টাকায়। দিল্লি, মুম্বই বা চেন্নাইয়ের তুলনায় কলকাতাতেই দাম সবথেকে বেশি বেড়েছে। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে ৪৯.৫০ টাকা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪.৫০ টাকা এবং এপ্রিলে ২১৮ টাকা বাড়ার পর মে মাসে সরাসরি ৯৯৩ টাকা বাড়ানো হলো।
ব্যবসায়ীদের ওপর প্রভাব: বাণিজ্যিক গ্যাসের এই আকাশছোঁয়া দামের সরাসরি প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ এবং ছোটখাটো খাবারের ব্যবসায়ীদের ওপর। জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ীই খাবারের দাম বাড়িয়ে দিতে পারেন। এর ফলে মধ্যবিত্তের পকেটে সরাসরি টান পড়বে। যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরেই গ্যাসের সরবরাহে ঘাটতি ছিল, যার ফলে অনেক দোকানদার স্টোভ বা ইন্ডাকশনে কাজ চালাচ্ছিলেন। সরবরাহ কিছুটা স্বাভাবিক হতেই এই বিশাল দাম বৃদ্ধিতে ফের সঙ্কটে ব্যবসায়ীরা।
গৃহস্থালির রান্নার গ্যাসে স্বস্তি: বাণিজ্যিক গ্যাসের দামে আগুন লাগলেও সাধারণ মানুষের জন্য আপাতত একটাই স্বস্তির খবর— গৃহস্থালির রান্নার গ্যাসের (১৪.২ কেজি) দামে কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বজায় থাকলে আগামী দিনে গৃহস্থালির গ্যাসের দামও বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
