Lionel Messi | বার্সেলোনা শহরে ফিরতে চান মেসি

Lionel Messi | বার্সেলোনা শহরে ফিরতে চান মেসি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বার্সেলোনা এখনও লিওনেল মেসির (Lionel Messi) হৃদয়ে। ‘ন্যু ক্যাম্প’, মেসির ছেড়ে আসা রাজত্ব। সম্প্রতি নবরূপে সুসজ্জিত বার্সেলোনার ওই মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ছবি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন। একই সঙ্গে একটা জল্পনা উসকে দিয়েছেন, আবারও কি তিনি ফিরবেন বার্সায়?

এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘বার্সেলোনা শহরটাকে খুব মনে পড়ে। ওই শহরকে ঘিরে অনেক স্মৃতি। আমাদের বাড়ি রয়েছে বার্সেলোনায়। ভবিষ্যতে সেখানে থাকার পরিকল্পনাও রয়েছে। এই নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা হয় মাঝেমধ্যেই।’ প্রায় দুই বছর পর ন্যু ক্যাম্পে পা রাখার অনুভূতিও ভাগ করে নিয়েছেন এলএম টেন। চেপে রাখলেন না নিজের আক্ষেপও। তিনি বলেছেন, ‘শেষ যে মরশুমে আমি বার্সার হয়ে খেলি তখন মহামারির আবহ। ম্যাচ হত দর্শকশূন্য স্টেডিয়ামে। তারই মধ্যে একটা অদ্ভুত অনুভূতি নিয়ে ক্লাব ছেড়েছিলাম। কেরিয়ারে অনেকটা গুরুত্বপূর্ণ সময় বার্সেলোনায় কাটানোর পর আমি যেমন স্বপ্ন দেখতাম, আমার বিদায়টা তেমন হয়নি।’

এদিকে, ৩৮ বছরের মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের জল্পনাকে কার্যত অবাস্তব বলে উড়িয়ে দিলেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। যদিও আর্জেন্টাইন মহাতারকাকে ভবিষ্যতে বিদায়ি ম্যাচ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। লাপোর্তা বলেছেন, ‘আমরা যেমন চেয়েছিলাম বার্সায় মেসির শেষটা তেমন হয়নি। ভবিষ্যতে ন্যু ক্যাম্পের ভরা গ্যালারির সামনে ওকে ফেয়ারওয়েল জানানো গেলে সেটাই সেরা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *