উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) মধ্য উপত্যকায় জঙ্গিদমন অভিযানে বড়সড়ো সাফল্য পেল যৌথ নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার বুদগাম জেলার উচ্চ পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (Budgam encounter) নিকেশ হয়েছে এক শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি (LeT Terrorist Killed)। সরকারি আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, নিহত ওই জঙ্গির নাম সুলেমান শাহ, যে এলাকায় ‘মুসা’ নামেই বেশি পরিচিত ছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে সরকারিভাবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুদগামের ইউসমার্গ এলাকার কোরাগ জঙ্গল সংলগ্ন অঞ্চলে বিশেষ চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছিল রাষ্ট্রীয় রাইফেলস এবং যৌথ বাহিনী। তল্লাশির সময় ওই জঙ্গল ঘিরেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সতর্ক জওয়ানরা। এরপর তাদের চ্যালেঞ্জ করা হলে লুকিয়ে থাকা জঙ্গিরা অতর্কিতে আক্রমণ চালিয়ে গুলিবর্ষণ শুরু করে। এরপরই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রচণ্ড লড়াইয়ের মধ্যেই নিকেশ হয় ওই জঙ্গি।
অভিযান সম্পর্কে বলতে গিয়ে সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর তাদের চ্যালেঞ্জ জানালে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে, যার ফলে একটি তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয় এবং এক জঙ্গি নিকেশ হয়।’ দূরবর্তী দুধপাথরি জঙ্গল এলাকায় এই গুলির লড়াই চলার সময় মুসা মারা যায় বলে জানান আধিকারিকরা। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনীর অপারেশন সম্পূর্ণভাবে জারি রয়েছে।
নিহত জঙ্গি মুসা গত বেশ কয়েক বছর ধরে পীর পাঞ্জাল রেঞ্জের দুই প্রান্তেই একাধিক নাশকতামূলক হামলায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এবং সে নিরাপত্তা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষে ছিল। চলতি মাসের শুরুর দিকেও ইউসমার্গ পাহাড়ে ঘেরা একটি এনকাউন্টার থেকে কোনওমতে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছিল সে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সেই একই অভিযানে নিকেশ হয়েছিল তার ঘনিষ্ট সহযোগী ও সাগরেদ ইয়াসির। নিরাপত্তা মহলের মতে, এই শীর্ষ জঙ্গির খতম হওয়া উপত্যকায় লস্কর নেটওয়ার্কের কার্যকলাপে একটা বিরাট বড় ধাক্কা।

