উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বকাপ জেতার পর ক্লাব ফুটবলে নতুন মরসুমে শুরুটা খুব একটা আশানুরূপ না হলেও, অবশেষে চেনা ছন্দে ফিরলেন লামিনে ইয়ামাল (Lamine Yamal)। সোমবার রাতে লা লিগায় রায়ো ভায়েকানোর বিরুদ্ধে বার্সেলোনার ৫-২ গোলে জয়লাভের ম্যাচে জোড়া গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন এই তরুণ তুর্কি। লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপের পাশাপাশি ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরনো এক ঐতিহাসিক নজিরও।
ম্যাচের ২১তম এবং ৯০তম মিনিটে (ম্যাচের দ্বিতীয় ও পঞ্চম গোল) জোড়া গোল করেন ইয়ামাল। এই ম্যাচের সুবাদেই বার্সেলোনার জার্সিতে তাঁর মোট গোলের সংখ্যা দাঁড়াল ৫১টিতে। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের নিরিখে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০টি গোলের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছেন ইয়ামাল। এর আগে এই রেকর্ড ছিল কিলিয়ান এমবাপের দখলে, যিনি ১৯ বছর ২৪১ দিন বয়সে ৫০টি গোল করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্লিং হালান্ড এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২০ বছর ১৯৬ দিন বয়সে।
পাশাপাশি, বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০টি গোল করার ক্ষেত্রে ইয়ামাল ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরনো নজির। ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০টি গোল করেছিলেন। পরবর্তীকালে লিয়োনেল মেসি ২১ বছর ১২০ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার সেই দুই কিংবদন্তিকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন ১৯ বছর ৪৯ দিনের ইয়ামাল। উল্লেখ্য, এ দিনের ম্যাচে ইয়ামাল ছাড়াও জোড়া গোল করেছেন রাফিনহা এবং অপর একটি গোল এসেছে আত্মঘাতী সূত্রে।

